
নিউজ ডেস্কঃ ‘ র্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে একদিনে সারাদেশে ৫০০ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। ঢাকায় কর্মরত ২০০ এবং ঢাকার বাইরে কর্মরত ৩০০ র্যাব সদস্য রক্তদান করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ০১ জানুয়ারি থেকে ‘র্যাব সেবা সপ্তাহ’ শুরু করেছে এলিট ফোর্স র্যাব। আর এর অংশ হিসেবে প্রতিদিনই ভিন্ন ভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে র্যাব। সংগ্রহ করা এসব রক্ত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং রেড ক্রিসেন্টে সংরক্ষিত থাকবে। যারা রাজারবাগ হাসপাতালে চিকিৎসা নিতে যাবে তারা এই রক্ত সেবা পাবেন বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে র্যাব সদর দপ্তরে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাব সেবা সপ্তাহে রক্তদান কর্মসূচির অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র্যাবের ডিজি মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘র্যাব সেবা সপ্তাহ’ রক্তদান কর্মসূচিতে সারাদেশে ৫০০ র্যাব সদস্য রক্তদান করেছেন। এছাড়াও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ, গরিব ও মেধাবীদের জন্য বৃত্তি দেওয়া হয়। র্যাব সদস্যদের এই রক্ত দিয়ে গরিব অসহায় ও র্যাব সদস্যদের চিকিৎসা করা হবে। তাছাড়া করোনা থেকে সুস্থ র্যাব সদস্যদের থেকে সংগ্রহ করা রক্ত প্লাজমা হিসেবে কাজে লাগানো হবে।