
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি বলেছেন, সাংবাদিকতার মূল বিষয়ই হচ্ছে বস্তুনিষ্ঠতা। সামাজের যেখানে অসঙ্গতি, দুর্নীতি ও সমস্যা আছে যেগুলোকে তুলে ধরা এবং সমাজের যতো ইতিবাচক দিক আছে, যতো শক্তি ও অনুপ্রেরণার উৎস আছে সেগুলোকে মানুষের সামনে তুলে ধরতে করতে হবে। সোমবার (৪ জানুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উৎসব ও নবাগত কমিটির অভিষেক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শুধুমাত্র চাঁদপুরেই নয়; অনেক সাংবাদিক জাতীয় পর্যায়ে কাজ করে আমাদের সম্মানিত করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সংবাদপত্র পড়ে মানুষ অনেক কিছু শেখে। ভাষার ক্ষেত্রে সংবাদপত্রের একটি দায়বদ্ধতার জায়গা রয়েছে। সামাজিক দায়বদ্ধতা, বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং সত্যকে সাহসিকতার সঙ্গে প্রকাশ করা, কোনো অন্যায়কে আশ্রয় ও প্রশ্রয় না দেওয়া। আমি আশাকরি এসব জায়গাগুলোতে চাঁদপুরের সাংবাদিকরা দায়িত্বশীলতা বজায় রাখবেন। চাঁদপুরকে আরো উন্নত করার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করবো।