News71.com
 Bangladesh
 04 Jan 21, 10:57 PM
 264           
 0
 04 Jan 21, 10:57 PM

আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে মেয়র আইভীর মামলা

আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে মেয়র আইভীর মামলা

নিউজ ডেস্কঃ শহরের দুই শ বছরের পুরোনো দেওভোগস্থ লক্ষ্মী নারায়ণ মন্দিরের দেবোত্তর সম্পত্তি জিউস পুকুর বেদখল করার চক্রান্তের বিরুদ্ধে ইউটিউব চ্যানেলে সরাসরি কথা বলায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আজ সোমবার (৪ জানুয়ারি) দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে অভিযোগটি দায়ের করেন আইভী। পরে অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আগামী ৮ ফেব্রুয়ারি মামলার শুনানীর দিন ধার্য করা হয়েছে। মামলায় ‘হিন্দু লাইভস মেটার’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনাকারী কানাডা প্রবাসী প্রদীপ দাসকে ১ নং আসামী করা হয়েছে। আর খোকন সাহাকে করা হয়েছে ২নং আসামি। আইভী খোকন সাহার বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণ হয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগ করেন। এ ব্যাপারে মেয়র সেলিনা হায়াৎ আইভীর গণমাধ্যমকে বলেন, জিউস পুকুরের সাথে আমি কিংবা আমার বাবার কোনো সম্পৃক্ততা নেই। আমার আত্মীয় স্বজনরা এই সম্পত্তি ৪০ বছর আগে ক্রয় করেছে। এটা নিয়ে আদালতে মামলাও চলছে। প্রতিহিংসাপরায়ণ হয়ে অ্যাডভোকেট খোকন সাহা আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। তাই আইনের আশ্রয় নিতে আদালতের দ্বারস্থ হয়েছি।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, আমি একটা ইউটিউব চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে বলেছিলাম দেওভোগ লক্ষ্মী নারায়ণ মন্দিরের দেবোত্তর সম্পত্তি জিউস পুকুরের দাম এগারশ কোটি টাকা হবে। আসলে মসজিদ মন্দির কিংবা ওয়াকফ দেবোত্তর সম্পত্তির দাম অমূল্য। এই জিউস পুকুর মেয়র আইভীর মা, দুই ভাই, আত্মীয় স্বজনরা জাল দলিল করে দখল করেছে। আমি জিউস পুকুর নিয়ে যে কথা বলেছি সেটা বিপুল সংখ্যক হিন্দু জনগোষ্ঠির মনের কথা ব্যক্ত করেছি। আমি আমার বক্তব্যে অনড় আছি। আমি মামলাটি আইনগতভাবেই মোকাবেলা করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন