
নিউজ ডেস্কঃ যশোরের চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের কৃষকরা স্বেচ্ছাশ্রমে প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন। কৃষকদের দীর্ঘ একমাসের কঠোর পরিশ্রমে তৈরি হয়েছে তিন গ্রামের ফসল তোলার এই রাস্তা।
জানাগেছে, দক্ষিণ কয়ারপাড়া গ্রামের দক্ষিণ ও দক্ষিণপূর্ব মাঠ কৃষিফসলের জন্য উৎকৃষ্ট। মাঠের উত্তরে কয়ার পাড়া, দক্ষিণে মুলিখালির বাওড়, পূর্বে লস্কারপুর ও পশ্চিমে চানপুর গ্রাম অবস্থিত। এই মাঠ ঘিরে চাষাবাদের উপর নির্ভরশীল কয়েক হাজার কৃষক। দীর্ঘদিন ধরে এলাকার কৃষকরা ধান ও সবজি চাষাবাদ করলেও রাস্তার অভাবে কৃষিপণ্য ঘরে আনতে পারতেন না। মাঠের ফসল ঘরে আনতে ৫/৬ কিলোমিটার ঘুরে কৃষকদের হিমশিম খেতে হত। ফলে কৃষিপণ্য উৎপাদনের খরচ হতো বেশী।
দীর্ঘদিন চলা এমন সমস্যা উত্তোরণের জন্য গ্রামের কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রমে নিজেরাই রাস্তা নির্মাণ শুরু করেন। গ্রামের বটতলা হতে চাকলা-রাইসার বিল থেকে সাহেবের মাঠ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ রাস্তাটির প্রস্থ ১০ মিটার। ইতোমধ্যে রাস্তা নির্মাণের কাজ শেষ হয়েছে। কৃষকরা জানান, মাঠের রাস্তাটি না থাকার কারনে চাষাবাদে খুব সমস্যা হত। এখন রাস্তাটি নির্মাণের ফলে কৃষকরা তাদের জমির ধানসহ অন্যান্য ফসল সহজেই ঘরে তুলতে পারবেন।