
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানে এখনও অনেকে নজরদারিতে আছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
দুর্নীতি দমনে কী উদ্যোগ নেওয়া হবে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, আমরা কাউকে ছাড় দিয়েছি কিনা সেটা হলো প্রশ্ন। আমাদের আমলে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানে টার্গেটে রয়েছেন আমাদের দলের লোকেরা। আমাদের যারাই যখন ধরা পড়েছেন আমাদের পরিচয়ে, যেমন শাহেদ যেটা করেছে তাকে কিন্তু ছাড় দেওয়া হয়নি। তিনি বলেন, আমাদের অনেক জনপ্রতিনিধি জেলখানায় আছেন। সরকার নিজেদের লোকদের ছাড় দিলে তো আরো দুর্নীতি-অনিয়ম বিস্তার করতো, ক্যাসিনো থেকে শুরু করে এখনো শুদ্ধি অভিযান চলছে। এখনো অনেকে নজরদারিতে আছেন।