
নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরই উৎপাদন করতে হবে। ঢাকায় আজ কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ইংরেজি নববর্ষ উপলক্ষে মতবিনিময় সভায় চলমান বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে তিনি এসব কথা বলেন। এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রসারণ মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত সচিব পিপিসি ড. মো. আবদুর রৌফ, অতিরিক্ত সচিব সার ব্যবস্থাপনা ও উপকরণ মো. মাহবুবুল ইসলাম, অতিরিক্ত সচিব গবেষণা কমলারঞ্জন দাশ, মহাপরিচালক বীজ বলাই কৃষ্ণ হাজরা প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, আমাদের জনসংখ্যা প্রতি বছর ২২-২৩ লাখ বাড়ছে। খাদ্য নিরাপত্তায় এটাই মূল চ্যালেঞ্জ। অথচ নানান কারণে চাষের জমি কমছে। স্বল্প জমি থেকেই মানুষের খাদ্য, প্রাণী ও পোল্ট্রির ফিডের যোগান দিতে হবে। সেজন্য কৃষি বিভাগের সবাইকে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। কর্মকর্তাদের মাঠপর্যায়ে যাওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, কর্মকর্তাদের শুধু মন্ত্রণালয়ে বসে থেকে গতানুগতিক কাজ করলে হবে না। বরং মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শনে যেতে হবে। দেশের কোন এলাকায় কী চাষ করা যাবে বা সম্ভাবনা আছে, তা চিহ্নিত করে, পুরোপুরি কাজে লাগাতে হবে। যাতে কৃষি উৎপাদন আরও বাড়ানো যায়।