
নিউজ ডেস্কঃ গত বছরের ডিসেম্বর মাসে সারাদেশে ৪০২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। আহত হয়েছে ৫১৩ জন। নিহতের মধ্যে ৫১ শিশু ও ৭৬ জন নারী। নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে সড়ক দুর্ঘটনা কমলেও বেড়েছে প্রাণহানির সংখ্যা। ডিসেম্বর মাসে ৪১৭টি সড়ক দুর্ঘটনায় ৪৩৯ জন নিহত হয়েছিল।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪০২টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৬৪ জন এবং আহত ৫১৩ জন। নিহতের মধ্যে নারী ৭৬, শিশু ৫১।
এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ১৩৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৪৭ জন, যা মোট নিহতের ৩১.৬৮ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৪.৩২ শতাংশ। দুর্ঘটনায় ১২৮ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৭.৫৮ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৪ জন, অর্থাৎ ৯.৪৮ শতাংশ। এই মাসে পাঁচটি নৌ-দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন।
এছাড়া ১২টি রেলপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯জন, আহত হয়েছেন ৪ জন। প্রতিবেদনে আরও বলা হয় দুর্ঘটনায় বাস যাত্রী ১৮, ট্রাক যাত্রী ১৩, পিকআপ যাত্রী ১১, লরি যাত্রী ৭, ট্রাক্টর যাত্রী ৫, মাইক্রোবাস যাত্রী ৯, প্রাইভেটকার যাত্রী ৭, সিএনজি যাত্রী ১২, ইজিবাইক-অটোরিকশা যাত্রী ৬০, নসিমন-ভটভটি-মাহিন্দ্র-বোরাক-টেম্পু যাত্রী ২৭, টমটম-ভ্যান ৬, বাইসাইকেল আরোহী ৫, রিকশা-রিকশাভ্যান যাত্রী ৯ জন নিহত হয়েছে।