
নিউজ ডেস্কঃ বিগত ২০২০ সালের শেষ দিন বৃহস্পতিবার রাতে মোংলা বন্দরে পণ্যবাহী জাহাজ আগমনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ওইদিন মোংলা বন্দরের ১০ নম্বর মুরিং বয়ায় পানামা পতাকাবাহী জাহাজ ‘এমভি ওয়াংডা’ নোঙ্গরের মধ্যদিয়ে বন্দরের ইতিহাসে পণ্য বোঝাই করে একমাসে ভিড়লো ১১৭টি জাহাজ। যা মোংলা বন্দরের নতুন রেকর্ড। মোংলা বন্দরের গত ৭০ বছরের মধ্যে কোনো মাসেই এতোবেশী জাহাজ আর এই বন্দরে আসেনি। মোংলা বন্দর কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন জানান, বিগত বিএনপি জোট সরকারের আমলে মৃতপ্রায় মোংলা বন্দর বর্তমান সরকারের সঠিক দিক নির্দেশনায় ঘুরে দাঁড়িয়েছে। মোংলা বন্দর এখন আর অলাভজনক বন্দর নয়। লাভজনক প্রতিষ্ঠান। এখন প্রতি মাসেই জাহাজ আগমনে নতুন-নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর মরোক্কোর জর্জস লাসফার বন্দর থেকে সার নিয়ে ‘এমভি ওয়াংডা’ ছেড়ে আসা জাহাজটি বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে মোংলা বন্দরের ১০ নম্বর মুরিং বয়ায় নোঙ্গর করে।
এরমধ্য দিয়ে শুধু ডিসেম্বর মাসে এই বন্দরে আসলো ১১৭টি জাহাজ। যা মোংলা বন্দরের নতুন রেকর্ড। মোংলা বন্দরের ৭০ বছরের মধ্যে কোনো মাসেই এতোবেশী জাহাজ আর এই বন্দরে আসেনি। পদ্মা সেতু চালুর পর দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর মোংলার উপর আমদানী-রপ্তানী বাণিজ্যের চাপ আরো বাড়বে। রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের চেয়েও কাছে মোংলা বন্দর।