
নিউজ ডেস্কঃ বিএনপি ও আওয়ামী লীগ গণতন্ত্রের হাতে হাতকড়া পরিয়ে দিয়েছে দাবি করে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, 'ত্রিশ বছরে আওয়ামী লীগ ও বিএনপির শাসনামলের চেয়ে জাতীয় পার্টির শাসনামলে সুশাসন বেশি ছিল। জাতীয় পার্টির আমলে বিচার বিভাগের স্বাধীনতা ছিল, তাই নেতাকর্মীরা বুক ফুলিয়ে কথা বলতে পারে।
জাতীয় পার্টির শাসনামলে দুর্নীতি ছিল না, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছিল না, ক্ষমতার অপব্যবহার ছিল না।' শুক্রবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জিএম কাদের এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে জিএম কাদের বলেন, 'বিএনপি এখন সুষ্ঠু নির্বাচনের জন্য ডাক-চিৎকার করছে। কিন্তু বিএনপি কি সুষ্ঠু নির্বাচন দিয়েছে কখনও? বিএনপি ও আওয়ামী লীগের মহাসচিবরা প্রায়ই বিভিন্ন ইস্যুতে বাহাস করেন। কিন্তু দুই দলই গণতন্ত্রের হাতে হাতকড়া পরিয়ে গণতন্ত্রের স্বাভাবিক স্বাদ নষ্ট করেছে।'