
নিউজ ডেস্কঃ ভারত-বাংলাদেশ সীমান্তে বড়সড় সুড়ঙ্গের খোঁজ পেয়েছে ভারতীয় পুলিশ। আসামের করিমগঞ্জ জেলায় বালিয়ায় এক অপহরণ কাণ্ডের তদন্তে নেমে এই সুড়ঙ্গের সন্ধান মেলে। ভারতীয় বাংলা সংবাদপত্র আনন্দবাজারের এক খবরে বলা হয়েছে, গত রোববার নিলামবাজার থানার শিলুয়া গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেনকে তুলে নিয়ে যায় এক দল দুষ্কৃতীকারী। পরে বাড়িতে ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। যে ফোন নম্বর থেকে কল আসে সেটি ছিলো বাংলাদেশি। ঘটনা পুলিশকে জানায় পরিবারের সদস্যরা।পুলিশের পরামর্শে শুরু হয় মুক্তিপণ কমানোর জন্য দর কষাকষি।
কিন্তু অপহরণকারীরা অনড় থাকায় শেষ পর্যন্ত পাঁচ লাখ টাকা দিতে সম্মত হয় পরিবার। কাউকে না জানিয়ে পার্শ্ববর্তী নয়াগ্রামের এলিমুদ্দিনের কাছে টাকা জমা করতে বলে অপহরণকারীরা। সেই সূত্র ধরেই বুধবার এলিমকে গ্রেফতার করা হয়। এরপর সীমান্ত সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু হয়। এতে সুড়ঙ্গের বিষয়টি প্রকাশ হয়ে যেতে পারে আশঙ্কায় দুষ্কৃতীরা দিলোয়ারকে ছেড়ে দেয়। কিন্তু ফিরে এসে তিনিই পুলিশকে সুড়ঙ্গের কথা জানান। খোদ পুলিশ সুপার ময়ঙ্ককুমার ঝায়ের নেতৃত্বে শুক্রবার বালিয়ায় যায় পুলিশ। জঙ্গলঘেরা এলাকায় প্রায় দু’শো মিটার দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান পায় তারা। যা বাইরে থেকে দেখে মনে হয়, সাধারণ গর্তমাত্র।