
নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি এলাকায় এলইডি লাইট স্থাপন নগরবাসীর জন্য ডিএনসিসির পক্ষ থেকে নববর্ষের উপহার। তিনি আজ শুক্রবার আগারগাঁওস্থ বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে “ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এলইডি সড়ক-বাতি সরবরাহ ও স্থাপন” প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, প্রকল্পের শুরুতে ৪২ হাজার এলইডি লাইট স্থাপনের কথা থাকলেও সমপরিমান অর্থ ব্যয়ে আমরা ৪৬ হাজার ৪১০টি লাইট স্থাপন করব। কোনো প্রকল্পে এটি একটি নজিরবিহীন ঘটনা। প্রতিটি লাইটের আয়ুষ্কাল ২২ বছর। প্রতিটি লাইট ইউরোপ থেকে আনা হয়েছে। এই লাইটগুলো চোখের জন্য সম্পূর্ণ নিরাপদ, যা বুয়েট থেকে পরীক্ষা করে তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এই লাইটগুলো পরিবেশবান্ধবও বটে।