News71.com
 Bangladesh
 01 Jan 21, 10:01 PM
 401           
 0
 01 Jan 21, 10:01 PM

মহামারির মধ্যেও নানা আয়োজনে কাটলো রাজধানী বাসীর নতুন বছরের প্রথম দিন॥

মহামারির মধ্যেও নানা আয়োজনে কাটলো রাজধানী বাসীর নতুন বছরের প্রথম দিন॥

তন্ময় ভক্তঃ করোনা মহামারির কারণে দীর্ঘদিন থমকে আছে স্বাভাবিক জীবন। সেই জীবনে যেন প্রাণের ছোঁয়া দিয়ে গেল ২০২১ সালের প্রথম ক্ষণটি। তাইতো থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষের প্রথম প্রহর বেশ আনন্দ করেই কাটালো ঢাকাবাসী। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনের সূর্য অস্ত যেতেই শুরু হয় নতুন বছরের প্রহর গোনা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। শুক্রবার (১ জানুয়ারি) রাতে ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই ঘরের কোণায় ঝুলে থাকা ক্যালেন্ডারের সঙ্গে সঙ্গে যেনো বদলে গেলো জীবনের আশা-আকাঙ্খাও।

২০২১ সালকে বরণ উপলক্ষ্যে বছরের প্রথম প্রহরটিতে রাজধানীর আকাশ ছেয়ে যায় ফানুস আর বিভিন্ন রঙের আতসবাজিতে। রাত ১২ টার আগ মুহূর্ত থেকেই রাজধানীর প্রায় প্রতিটি বাড়ির ছাদ থেকে ওড়ানো হয় ফানুস, ছড়িয়ে দেওয়া হয় আতসবাজির রঙ। আর ঘড়ির কাঁটা ১২ এর ঘর ছুঁতেই তাতে লেগে যায় উচ্ছলতার ঢেউ। লাল-সবুজ-হলুদ-কমলা রঙের আতশবাজিতে মাতোয়ারা হয়ে ওঠে নগরের উৎসব প্রিয় মানুষগুলো। আকাশ ছেয়ে যায় বর্ণিল আলোর আলোকছটায়।

করোনার কারণে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে কঠোর নিরাপত্তা থাকলেও নতুন বছরকে সকলেই স্বাগত জানিয়েছে নিজেদের মতো করে।আতশবাজির শব্দে আর আকাশে আলোর উৎসবে নগরবাসী সবাই নতুন বছরকে স্বাগত জানায়। পুরাতন সব খারাপ ও দুঃসহ স্মৃতিকে পেছনে ফেলে, করোনাসহ সব গ্নানি মুছে নতুন এক প্রত্যাশা ও স্বপ্নে শুরু হয় সবার নতুন বছর। এ বছরে সবার না পারাকে ছুড়ে ফেলে সম্ভাবনার এক বছর হিসেবেই দেখতে চায় নগরবাসী।

রাত ১২টা ১মিনিটে শহরের বিভিন্ন রেস্টুরেন্টগুলোতেও দেখা যায় উৎসব উদযাপন করতে। এছাড়াও শহরের প্রাণকেন্দ্র ঢাকায় শত শত মানুষ পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরকে স্বাগত জানিয়ে আতশবাজির সঙ্গে হ্যাপি নিউ ইয়ার বলে নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি পুরাতনকে বিদায় জানায়। নতুন এই বছর অফুরান প্রত্যাশা নিয়ে এসেছে সবার কাছে। এই নতুন হোক উত্তরণের, কালের যাত্রায় এগিয়ে চলার। নতুনের আবাহনে জেগে উঠ‍ুক সমগ্র দেশ, বিশ্ব। ২০২১ সাল মানুষের জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি; এমনটাই এখন প্রত্যাশা সকলের। এ সময় শহরের নিরাপত্তায় পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। সন্ধ্যার পর থেকেই সতর্ক অবস্থানে ছিলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন