
নিউজ ডেস্কঃ গভীর সাগরে মাছ শিকারে গিয়ে ১৮ জেলেসহ একটি মাছধরা ট্রলার নিখোঁজ হয়েছে। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় এফবি আল-হাসান নামের ওই মাছধরা ট্রলারটি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুর আড়ৎ ঘাট থেকে গভীর সমুদ্রে য়ায়। এরপর থেকে ট্রলারের কোন জেলের সাথে ট্রলার মালিক কিংবা স্বজনদের যোগাযোগ হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা।
দীর্ঘ ২৩ দিন ধরে নিখোঁজ এসব জেলেদের কোন সন্ধান না মেলায় স্বজনদের কান্নায় উপকূলের বাতাস ভারী হয়ে যাচ্ছে। নিখোঁজ জেলেদের বাড়ি কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে মুসুল্লীয়াবাদ গ্রামেসহ বরগুনা জেলার তালতলী উপজেলার ছোট বগি ও লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বিভিন্ন এলাকার বলে জানা গেছে। মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, নিখোঁজ জেলেদের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি হয়েছে। প্রয়োজনীয় খোঁজখবর ও ব্যবস্থা গ্রহণ করা হবে।