
নিউজ ডেস্কঃ অর্থনীতি সচল হওয়ার পাশাপাশি বাণিজ্যিক কর্মকাণ্ড বাড়তে থাকায় বিশ্ববাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চাহিদা বাড়ছে। ফলে গত নভেম্বর থেকে নির্মল ও সবুজ জ্বালানি হিসেবে খ্যাত এ গ্যাসের দাম বাড়ছে। চীন, ভারতসহ এশিয়ার দেশগুলোয় পাইকারি ও খুচরা পর্যায়ে বেড়েছে এলপিজির দাম। নতুন বছরে বাংলাদেশেও বাড়তে পারে। চীনে গত ডিসেম্বরে এলপিজির দাম বেড়েছে ২০ শতাংশ। ভারতে দুই দফায় এই একই সময়ে ১০০ রুপি বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম। এই গ্যাসটি বিশ্বজুড়ে পেট্রল ও অকটেনের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। রান্না, গাড়িতে, বিদ্যুৎ উৎপাদনেও রয়েছে এলপিজির বিপুল চাহিদা।আমদানিকারক সূত্রে জানা যায়, গত এক মাসে বিশ্ববাজারে এলপিজির দাম বেড়েছে ১৮ থেকে ১৯ শতাংশ। এ সময় আমদানিপর্যায়ে এলপিজির দাম বেড়েছে ৮০ ডলার।
আন্তর্জাতিক বাজারে ২০২০ সালের জানুয়ারিতে টনপ্রতি এলপিজির আমদানি মূল্য ছিল ৫৮২.৫ ডলার, ফেব্রুয়ারিতে ৫৩৩ ডলার, মার্চে ৪৬৫ ডলার, এপ্রিলে ২৩৭ ডলার, মে মাসে ৩৪০ ডলার, জুনে ৩৩৬ ডলার, জুলাইতে ৩৪৬ ডলার, আগস্টে ৩৫১ ডলার, সেপ্টেম্বরে ৩৫৯ ডলার, অক্টোবরে ৩৭৮.৫ ডলার, নভেম্বর ৪৩৭ ডলার এবং ডিসেম্বরে ৪৫৭ ডলার। বাজারসংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে এ গ্যাসের ৯৮ শতাংশই আমদানি হয়। যার পুরোটা আসে বেসরকারি খাতের মাধ্যমে। যেহেতু এটি আমদানি নির্ভর পণ্য, তাই বিশ্ববাজারের সঙ্গে তালমিলিয়ে প্রতি মাসে এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করতে হয়।