
নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েটের এক শিক্ষকসহ দুজন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন- বুয়েট অধ্যাপক আবদুল আদনান এবং চিত্র বিশেষজ্ঞ সিআইডির পুলিশ পরিদর্শক আক্তারুজ্জামান৷। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দেন তারা। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। এ নিয়ে মামলাটিতে রাষ্ট্রপক্ষে ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। আগামী ৫ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ঠিক করেন আদালত।
সবশেষ গত ৩০ নভেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণ হয়। এরপর গত ৩ ডিসেম্বর একই আদালতের বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আসামিপক্ষের আইনজীবীরা আদালত বর্জন করেন। আদালত পরিবর্তনে হাইকোর্টে আবেদনের জন্য সময় চেয়ে একটি লিখিত আবেদনও দেন তারা। এজন্য সময় দিলেও হাইকোর্টের আদেশ দাখিল করতে না পারায় ২৭ ডিসেম্বর ফের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ১৫ সেপ্টেম্বর আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জশিটভুক্ত ২৫ আসামির বিরুদ্ধেই অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। এরপর ৫ অক্টোবর আবরারের বাবা বরকতউল্লাহর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য শুরু হয়।