
নিউজ ডেস্কঃ পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের নকশা ও সমীক্ষা যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। নতুন এই রেলপথ নির্মাণে ব্যয় হবে প্রায় ২৭০০ কোটি টাকা বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ বিষয়ে এক মতবিনিময় সভায় এ কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, প্রায় ৪৭ কিলোমিটার রেলপথে জগদল, ভজনপুর, তেঁতুলিয়া, তিরনইহাট ও বাংলাবান্ধায় স্টেশন নির্মাণ করা হবে। সেই সাথে চারটি ব্রিজ ও ১৪টি কালভার্ট নির্মাণ করা হবে। তার আগে ৮৬০ হেক্টর জমি অধিগ্রহণ করবে রেল। বাংলাবান্ধা পর্যন্ত রেল যোগাযোগ চালু হলে পঞ্চগড়ের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন আসবে। সেই সাথে বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানের ব্যবসা বাণিজ্যসহ যোগাযোগ ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে।