
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস মহামারির কারণে বার্ষিক পরীক্ষা বাতিল এবং লটারির মাধ্যমে সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করানোর পর মাধ্যমিকের কোনো শিক্ষার্থীর রোল নম্বর দেওয়া হবে না। মাধ্যমিকে রোল নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের আইডি নম্বর দেওয়া হবে এবং প্রাথমিকে আগের রোল থাকবে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) অনলাইনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। শিক্ষামন্ত্রী বলেন, রোল নম্বর নিয়ে একটা সমস্যা হয়।
প্রত্যেক শ্রেণিতে যে রোল নম্বর থাকে, আমাদের রোল নম্বরের যে প্রথা রয়েছে, তার কারণে একটা অনভিপ্রেত প্রতিযোগিতা হয়। তিনি বলেন, আমরা চেষ্টা করছি ২০২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের শ্রেণির রোল নম্বরের এ বিষয়ের পরিবর্তে আইডি নম্বর দিতে, এতে পুরানো রোল নম্বর প্রথার বিলুপ্তি হবে এবং অনভিপ্রেত প্রতিযোগিতা বন্ধ হয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা সৎ প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে বলে আশা করছি। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক থেকে সব শিক্ষার্থীর ইউনিক আইডি দেওয়া হবে। পুরো শিক্ষা জীবনে সে ওই আইডি নম্বর নিয়ে থাকবে, এতে তাকে ট্র্যাক করা যাবে সে ঝরে পড়ছে কি না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমতা আনা এবং গুণগত শিক্ষা অর্জন আনতে আমরা কাজ করছি।