
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সোমবার দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের বিজয়ীদের অভিনন্দন জানান ওবায়দুল কাদের। তিনি এসময় প্রচার কার্যক্রম ও ভোটের সুষ্ঠ-নিরাপদ পরিবেশ বজায় রেখে প্রথম ধাপের নির্বাচনের সফল আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ ভোটারদেরও ধন্যবাদ জানান।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরও বলেন ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ব্যাপক জয় পেয়েছে, যা শেখ হাসিনা সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। ২৩টি পৌরসভার ঘোষিত ফলাফলে ২টিতে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছে। মনগড়া অভিযোগ না করে মাঝপথে ভোট প্রত্যাখ্যানের নেতিবাচক রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার জন্য বিএনপিকেও ধন্যবাদ জানান। তিনি আরও বলেন প্রতিটি পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণে জণগণের আস্থা বেড়েছে এবং মানুষ স্বস্তি প্রকাশ করেছে। বিএনপি ইভিএমের বিরোধিতা করলেও তাদের প্রার্থীরা এই পদ্ধতিতে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে কোনভাবেই অনিয়মের সুযোগ নেই।