
নিউজ ডেস্কঃ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মনিরুল মাওলা। আগামী বছরের প্রথমদিন ১ জানুয়ারি থেকে তিনি দায়িত্ব পালন শুরু করবেন।
পুঁজিবাজারের তালিকাভূক্ত কম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএসই জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক পাঁচ বছরের জন্য তার নিয়োগ অনুমোদন করেছে। গত ২৭ ডিসেম্বর তার এ নিয়োগ অনুমোদন করা হয়। মনিরুল মাওলা বর্তমান এমডি মো. মাহবুব উল আলমের স্থলাভিষিক্ত হবেন। মোহাম্মদ মনিরুল মাওলা এতদিন একই ব্যাংকে এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন। মোহাম্মদ মনিরুল মাওলা ১৯৬৩ সালে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে অর্থনীতি বিষয়ে স্নাতক ও ১৯৮৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।