
নিউজ ডেস্কঃ মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়স্থল পাচ্ছে গোপালগঞ্জের ৭৮৭টি দরিদ্র পরিবার। সরকার প্রধানের দেয়া প্রতিশ্রুতির অংশ হিসাবে গোপালগঞ্জে দরিদ্রদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্প এর আওতায় জেলার ৭৮৭টি পরিবারের জন্য সরকারি খাস জমি নির্বাচন করা হয়। ইতোমধ্যে ৪৬৯টি ঘরের নির্মাণকাজ চলছে। নির্মাণকাজ পর্যবেক্ষণ করছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও স্ব স্ব উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানাকে সভাপতি করে ছয় সদস্যের জেলা কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে উপজেলা কমিটি গঠিত হয়েছে। তারই অংশ হিসেবে আজ মঙ্গলবার কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দেবগ্রামে নির্মানাধীন কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় জেলা কমিটি সদস্য সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্নাসহ উপজেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২০-২০২১ অর্থবছরে জেলার যেসব স্থানে সরকারের খাস জমি রয়েছে সেখানে বারান্দাসহ দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর তৈরির কাজ শুরু হয়েছে। প্রতিটি ঘরের জন্য দুই শতাংশ জমি ও ১ লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এতে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৪৫ লক্ষ ৭৭ হাজার টাকা। এই প্রকল্পে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্তা, যাটোর্দ্ধ প্রবীণ ভূমিহীন ব্যক্তিদের উপকারভোগী হিসেবে বাছাই করা হয়েছে।