News71.com
 Bangladesh
 29 Dec 20, 08:53 AM
 298           
 0
 29 Dec 20, 08:53 AM

মেয়র আইভিকে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ শামীম ওসমানের

মেয়র আইভিকে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ শামীম ওসমানের

 

নিউজ ডেস্কঃ রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীকে নিজের ডাকা জনসভায় প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন শামীম ওসমান। সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দরে আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে এমনটাই বলেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বন্দরের সুরুজ্জামান টাওয়ার মিলনায়তনে আয়োজিত ওই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ রশীদ। 

 

প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, 'আমি আগামী ৯ জানুয়ারি দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সমাবেশের ডাক দিয়েছি। সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় কর্মী সমাবেশ করেছি। আজকে বন্দরে করছি। আমি এই সভা থেকেই সবাইকে দাওয়াত দিলাম। আপনাদের মাধ্যমে মেয়র মহোদয়কেও দাওয়াত দিলাম। উনি (মেয়র আইভী) জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, আমি বক্তা হিসেবে থাকবো, আপনি (মেয়র আইভী) প্রধান অতিথি হিসেবে থাকেন। যদি বঙ্গবন্ধুকে ভালোবাসেন তাহলে প্রধান অতিথি হিসেবে আসেন। সব আয়োজন আমিই করব, আপনি আসেন, একসঙ্গে কাজ করেন।'

 

শামীম ওসমান আরো বলেন, স্বাধীনতার বিরোধী ষড়যন্ত্রকারীরা দেশকে ধ্বংস করে দেয়ার খেলা খেলছে। কিন্তু এই দেশকে আফগানিস্তান বা সিরিয়া হতে দেওয়া হবে না। আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম তাদের প্রতিহত করবো। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারিদের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, নারায়ণগঞ্জ থেকে যখন ঘন্টা বাজায় তখন সারা দেশে ঘন্টা বাজে। আগামী ৯ জানুয়ারি নারায়ণগঞ্জ থেকে এমন ঘন্টা বাজবে, যারা বাংলাদেশ নিয়ে খেলতে চায় তাদের বুকের পাজোঁড় বন্ধ হয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন