
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকারের পৌরসভায় প্রথম ধাপে সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের একথা বলেন তিনি। সচিব বলেন, আমাদের দৃষ্টিতে ভোট খুব ভালো হয়েছে। কারণ আপনারে ক্যামেরায় যা দেখেছি। ভোটারদের উপস্থিতি অনেক বেশি। সকাল থেকে লাইন দিয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। আমাদের মাঠপর্যায়ের রিপোর্ট এবং আপনাদের (গণমাধ্যম) রিপোর্টের মধ্যে কোনো পার্থক্য দেখিনি। নির্ধারিত সময় চারটার পরও ভোটাররা লাইনে ছিল। সেই হিসেবে আমরা বলি নির্বাচনটা খুবই সাকসেসফুলি হয়েছে।
কত শতাংশ ভোট পড়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শতাংশটা এখনো হয়নি। তবে মোটামুটি ৬০ শতাংশের নিচে হবে না। ৬০ শতাংশের নিচে কোথাও ভোট পড়েনি। একটি পৌরসভায় রিটার্নিং কর্মকর্তার গাড়িতে আগুন, আরেকটিতে মেশিন ভাঙাভঙি হয়েছে এবং সাভারে একজন সাংবাদিককে লাঞ্ছনার বিষয়ে তিনি বলেন, সাংবাদিকের বিষয়টি আপনার কাছেই প্রথম শুনলাম। এই ধরণের যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমরা খোঁজ নিয়ে আপনাদের জানাতে পারবো।