
নিউজ ডেস্কঃ প্রায় ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী টেকনাফ-উখিয়ায় আশ্রয় নেওয়ায় তাদের ভরণপোষণ বাংলাদেশের অর্থনীতিতে প্রবল চাপ সৃষ্টি হচ্ছে, ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের। আন্তর্জাতিক সংস্থাকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ২৮ ডিসেম্বর, সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে শেখ হাসিনা সরকার বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে আসছে, কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রেখেছে।