
নিউজ ডেস্কঃ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশের টেলিযোগাযোগ খাতকে বিশ্বমানের পর্যায়ে পৌঁছে দিতে খাত সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বিটিআরসির নতুন চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। সোমবার (২৮ ডিসেম্বর) কমিশনের প্রধান সম্মেলন কক্ষে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগ আয়োজিত মোবাইল অপারেটরদের সঙ্গে মতবিনিময় সভায় ফাইভজি নিয়ে সময়োপযোগী নীতিমালাসহ ভ্যাট নিয়ে বিদ্যমান সমস্যার সমাধান চাওয়া হয়। বিটিআরসি চেয়ারম্যান এ খাতের বিভিন্ন সমস্যা সমাধান এবং পরিবর্তিত বৈশ্বিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস অনলাইনে যুক্ত থেকে খাত সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পারিক আলোচনার বিষয়ে গুরুত্বারোপ করেন। ক্যাশ সার্ভার স্থাপনের বিষয়ে এবং তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা (এসএমপি) বাস্তবায়নে তার মতামত ব্যক্ত করেন। অপারেটরটির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট সংক্রান্ত জটিলতা নিরসনে বিটিআরসির সহযোগিতা কামনা করেন এবং আগামী প্রজন্মের প্রযুক্তি (ফাইভজি) চালুর বিষয়ে সময়োপযোগী নীতিমালা প্রণয়নে অভিমত ব্যক্ত করেন। অনলাইনে যুক্ত থেকে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান টেলিযোগযোগ সংশ্লিষ্ট বিভিন্ন পলিসি, তরঙ্গ সংক্রান্ত বিষয় নিয়ে বিটিআরসির পক্ষ থেকে রেগুলেটরি সমাধান কামনা করেন।