
নিউজ ডেস্কঃ হবিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির বাস চলাচল বন্ধ রাখতে মরিয়া বেসরকারি বাস সার্ভিস সংশ্লিষ্টরা, তারা একাধিক স্থানে অবস্থানও নেয়। তবে বিআরটিসি কর্তৃপক্ষ চায় যে কোনো মূল্যে তাদের বাস চলবেই। এমন পরিস্থিতিতে হবিগঞ্জ থেকে পুলিশ পাহারায় সিলেটে পাঠানো হয়েছে বিআরটিসির একটি বাস। রোববার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বাসটি সিলেট টার্মিনালে গিয়ে পৌঁছে রাত ৮টায়। হবিগঞ্জ টার্মিনাল থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত পৌঁছে দেয় সদর মডেল থানা পুলিশ। সেখান থেকে বাসটিকে এগিয়ে দিয়েছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। এরপরও গন্তব্যস্থল পর্যন্ত স্থানে স্থানে ছিল পুলিশের পাহারা। বিআরটিসি বাস সার্ভিস সিলেট ডিপো ব্যবস্থাপক জুলফিকার আলী বলেন, সোমবার (২৮ ডিসেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রুদ্ধদার বৈঠক হবে। এর আগে বিআরটিসির কোনো বাস যেন না চলে; সেজন্য বেসরকারি বাসের শ্রমিকরা মরিয়া। তারা স্থানে স্থানে অবস্থানও নিয়েছে। কিন্তু আমরা চাই যে কোনো মূল্যে বিআরটিসির বাস চলবেই।