
নিউজ ডেস্কঃ সরকার এ পর্যন্ত নদীর পাড়ের উনিশ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বলে সংসদীয় কমিটিতে জানানো হয়েছে। পাশাপাশি নদীর সীমানার মধ্যে সরকারি বা বেসরকারি কোনো সংস্থাকে জমি বরাদ্দ না দিতে কমিটি গুরুত্বারোপ করেছে। বোববার (২৭ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদের ‘নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠকে এ গুরুত্বারোপ করা হয়। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশ নেন। বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশন এর বিভিন্ন কার্যক্রম এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সকল উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। বৈঠকে বুড়িগঙ্গা নদীর তলদেশে জমাটবাধা পলিথিন অপসারণ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। গ্রেভ ড্রেজার সংগ্রহ করে জরুরি ভিত্তিতে এ কার্যক্রম শুরু করার জন্য মন্ত্রণালয়কে কমিটি সুপারিশ করে সংসদীয় স্থায়ী কমিটি।