
নিউজ ডেস্কঃ মন্ত্রণালয়ের সব বাঁধ প্রকল্পে বৃক্ষরোপণ চলমান থাকবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেন, ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরায় আমরা দেখেছি যেসব এলাকায় বনায়ন ছিল সেখানে নদী তীর ভাঙন কম হয়েছে, ক্ষয়ক্ষতিও কম হয়েছে। তাছাড়া আম্পানে সুন্দরবন বাংলাদেশে প্রতিরক্ষা হয়ে কাজ করেছে। রোববার (২৭ ডিসেম্বর) ঢাকার গ্রিনরোডে পানি ভবনে মুজিববর্ষ উপলক্ষে পানিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত বৃক্ষরোপণ কর্মসূচির বিশেষ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃক্ষরোপণে গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের প্রকোপ দিন দিন বাড়ছে। এটা থেকে রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পানি সম্পদ মন্ত্রণালয় মনে করে, নদীভাঙন থেকে মানুষকে বাঁচাতে বৃক্ষরোপণ করতেই হবে।