
নিউজ ডেস্কঃ দ্বিজেন ধর (৫০) ১৭টি স্বর্ণের বার (প্রতিটি বারের ওজন ১০ ভরি) ছোট ভাই জিতেন ধরের (৪৮) বাড়িতে রাখতে দেন। কিন্তু ঋণে জর্জরিত জিতেন এগুলো আত্মসাতের জন্য ছিনতাই নাটক সাজান। তবে শেষ রক্ষা হয়নি, পুলিশ তাকে গ্রেপ্তার ও ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে ‘সূত্রহীন’ এমন একটি মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।
তিনি জানান, বড় ভাইয়ের স্বর্ণের বারগুলো আত্মসাতে ২১ ডিসেম্বর জিতেন ধর ছিনতাই নাটক সাজালেও শেষ পর্যন্ত অনুসন্ধানে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে। এরপর নগরীর বোয়ালিয়া থানায় দ্বিজেনের মামলায় জিতেনকে গ্রেপ্তার ও তার বাড়ি থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। একটি বার তিনি বিক্রি করে দিয়েছেন। আরএমপির মুখপাত্র বলেন, ছিনতাইয়ের পুরো ঘটনা জিতেনের পরিকল্পনায় ঘটে। তার নির্দেশে মিজানুর রহমান মিজান ও মৃদুল নামে দুজন পুঠিয়া থেকে বাসের পেছনে পেছনে মোটরসাইকেলে আসেন। তারা আরও তিনজনকে প্রস্তুত রাখেন। বাস থেকে নামার তথ্য তাদের জানান মিজান ও মৃদুল। এরপর শিরোইল এলাকায় ব্যাগটি ছিনতাই করা হয়। তিনি আরও বলেন, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে সূত্রহীন মামলাটির রহস্য উদ্ঘাটন করেছে বোয়ালিয়া থানা। জিতেনের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।