
নিউজ ডেস্কঃ এক সময় বান্দরবানের পাহাড়ে আবাদকৃত কাজু বাদাম গাছেই নষ্ট হয়ে যেত, কাজু বাদামকে স্থানীয় বাসিন্দারা ডাকতেন টাম নামে। এ কাজু বাদাম চাষ করে অনেকে প্রতি বছরই ক্ষতির মুখে পড়লেও এখন দিন পাল্টে গেছে। সম্প্রতি বান্দরবানে কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা হওয়ায় আশার আলো দেখছেন কাজু বাদাম চাষিরা। বান্দরবান সদরের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালাঘাটায় ২০ শতক জমি নিয়ে যাত্রা শুরু করেছে কিষাণ ঘর অ্যাগ্রো নামে একটি কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা, যেটি তিন পার্বত্য জেলার প্রথম কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা। আর এ প্রক্রিয়াজাতকরণ কারখানা যাত্রা শুরু করার খবর পেয়ে বান্দরবানসহ তিন পার্বত্য জেলার কাজু বাদাম চাষিদের মুখে হাসি ফুটেছে। জানা যায়, বিগত বছরগুলোতে বান্দরবানে কাজু বাদাম প্রক্রিয়াজাত করার কোনো কারখানা না থাকায় গাছেই নষ্ট হতো বেশিরভাগ কাজু বাদাম, তবে বান্দরবানে প্রথমবারের মতো প্রক্রিয়াজাতকরণ কারখানা চালুর ফলে চাষিরা স্থানীয়ভাবে কাজু বাদাম বিক্রি করে লাভবান হচ্ছেন আর এতে নতুন স্বপ্ন বুনছেন চাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।