
নিউজ ডেস্কঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের পূর্ব জিগাতলা ভায়া গোয়াতলা হয়ে রাধানগর পর্যন্ত স্বেচ্ছাশ্রমে প্রায় সাড়ে ৪ কিলোমিটার কাঁচা রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে। লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এলাকার প্রায় তিন শতাধিক লোকজন নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ওই সড়কের নির্মাণ কাজ শুরু করেছেন। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয়রা এই এলাকায় একটি রাস্তার জন্য দাবি জানিয়ে আসছে। রাস্তাটি নির্মাণ না হওয়ায় আশপাশের ১০-১২টি গ্রামের বাসিন্দারা ক্ষেতের আইল দিয়ে পায়ে হেঁটে চলাফেরা করছে। গ্রামের কেউ অসুস্থ হলে দুর্ভোগের শেষ নেই। তাছাড়া স্কুলে পড়ুয়া শিক্ষার্থীসহ বৃদ্ধরা এই ক্ষেতের আইল দিয়ে চলাফেরা করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া বলেন, জনগণের দীর্ঘদিনের দুর্ভোগের কথা চিন্তা করে ওই এলাকার জনগণকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে পূর্ব জিগাতলা ভায়া গোয়াতলা হয়ে রাধানগর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ শুরু করেছি। আশা করছি অতিদ্রুত সময়ের মধ্যেই এ কাজ সমাপ্ত হবে।