
নিউজ ডেস্কঃ সুযোগসন্ধানী অনুপ্রবেশকারী নয়, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে ত্যাগীরাই থাকবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যারা দুঃসময়ে দল ও জননেত্রীর পাশে ছিলেন, তারাই নেতৃত্বে আসবেন, সুযোগ সন্ধানীদের নেতৃত্বে বসানোর কোনো সুযোগ নেই। গত ১২ বছরে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে যারা আমাদের দলে প্রবেশ করেছেন, তাদের চিহ্নিত করে বের করে দিতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। আজকে অর্থনৈতিক, মানবউন্নয়ন, সামাজিক- সব সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি, অনেক সূচকে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি- এটা যাদের সহ্য হয় না, তারা দেশের বিরূদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা পরপর তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকিয়েছে তবে তাদের চিহ্নিত করে বের করে দেওয়া হচ্ছে।