
নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমেদ শফীর মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলা প্রত্যাহারে বতর্মান আমির জুনায়েদ বাবুনগরী হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাদী মো. মঈন উদ্দিন। তিনি প্রয়াত আহমেদ শফীর শ্যালক ও মামলার বাদী। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। হেফাজতে ইসলামের ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে মঈন উদ্দিন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এ সময় হেফাজতের নেতা মো. মাঈনুদ্দিন রুহী, আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, আহমেদ শফীর ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ উপস্থিত থাকার কথা থাকলেও হুমকিজনিত নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি আসেননি।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘শফী হুজুরকে হত্যা করার পর আমরা সত্য কথা বলতে পারিনি। আমাদের পরিবারের সব সদস্যকে একের পর এক হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের পরিবার থেকে আমি বাদী হয়ে আদালতে মামলা করেছি। নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে মামলা যাতে প্রত্যাহার করে নিই। জুনায়েদ বাবুনগরী যদি অপরাধী হয়ে থাকেন, তদন্তে যদি প্রমাণ হয় তবে তার শাস্তি দাবি করছি। দোষী না হলে তা তদন্তে প্রমাণ হবে। আমাদের মামলা প্রত্যাহার করার হুমকি কেন দিচ্ছেন। এর তীব্র নিন্দা জানাই। সরকারের কাছে আবেদন জানাচ্ছি, মামলাটির তদন্ত যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং অন্যায়কারীদের শাস্তি হয়।’ আহমদ শফীকে হত্যার অভিযোগ এনে ১৭ ডিসেম্বর চট্টগ্রামের একটি আদালতে মামলা করা হয়। এরপর মঙ্গলবার হেফাজতে ইসলামের পক্ষ থেকে হাটহাজারী মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে মামলাটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।