
নিউজ ডেস্কঃ প্রতিমাসে এক কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এমন তালে চলতে থাকলে নির্ধারিত সময়ে অর্থাৎ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিজয় দিবসেই চলবে মেট্রোরেল। এরই মধ্যে ৫৩ ভাগের বেশি কাজ সার্বিকভাবে শেষ হয়েছে।কাজ নির্বিঘ্ন রাখতে প্রকল্প সংশ্লিষ্টদের দ্রুত ভ্যাক্সিনের আওতায় আনার কথাও জানিয়েছেন (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক।লক্ষ্য ছুঁতে হবে, তাই দিন রাত চলছে মোট্রোরেলের কাজ। উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও-ফার্মগেইট-মতিঝিল এলাকায় দৃশ্যমান প্রকল্পের অগ্রগতি। এরই মধ্যে প্রথম তিনটি স্টেশনে বসেছে রেলের স্লিপার। ভায়াডাক্ট ফার্মগেইট-কারওয়ানবাজার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছেছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৫৩ দশমিক পাঁচ আট শতাংশ।উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ শেষ হয়েছে ৭৮ শতাংশ আর আগারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ৪৮ শতাংশ। আর তৃতীয় পর্যায়ে কাজ শেষ হয়েছে ৪২ শতাংশ।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, আমাদের পরিপূর্ণ ভায়াডাক্ট মধ্যে ১৩ কিলোমিটার ভায়াডাক্টের কাজ সম্পন্ন হয়েছে।