
নিউজ ডেস্কঃ হত্যা করে ড্রামে ভরে নারীর মরদেহ অন্যত্র সরানোর ঘটনায় মো. আ. খালেক হাওলাদার (৫৫) নামে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পিবিআই। গ্রেফতার খালেক হাওলাদার বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারার পশ্চিম বিবিরপাড় এলাকার মৃত গোলাম আলী হাওলাদারের ছেলে ও বরিশাল নগরের কাশিপুর ভুইয়া মসজিদ সংলগ্ন নির্মাণাধীন বহুতল ভবনের কেয়ারটেকার। শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরের রুপাতলী পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার হুমায়ুন কবির। তিনি জানান, গত ২০ নভেম্বর রাত ৮টার দিকে বরিশাল জেলার গৌরনদী থানাধীন ভূরঘাটা নামে স্থানে বাসের ভিতর ড্রামে একজন অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ পাওয়া যায়। পিবিআই ক্রাইমসিন টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে ক্রাইমসিন সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করে। প্রাথমিক পর্যায়ে এটি একটি ক্লুলেস হত্যাকাণ্ড। পুলিশের বিভিন্ন তদন্ত সংস্থা মৃতের পরিচয় নির্ণয়, হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করে। পিবিআই বরিশাল জেলার একটি টিমকে ছায়া তদন্তে নিয়োজিত করা হয়। একই দিন পিবিআই বরিশাল জেলা ওই নারীর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।