
নিউজ ডেস্কঃ রাজধানীর শ্যামলী এলাকায় যাত্রী বেশে এ কে ট্রাভেলসের একটি বাসে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলেন- মো. ফকরুল কবির শান্ত (২৩), মো. রফিক (২৬), মো. রিয়াজ (২৪), মো. রাসেল (২৭), মো. শাহজামাল (৩০), হারুন অর রশীদ (২৩) ও মো. হুমায়ন কবির (২৫)। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি ছুরি, ৩টি চাপাতি, ১টি সুইচ গিয়ার, ২টি ওয়াকিটকি, নগদ ৬ হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, গত ১৯ ডিসেম্বর রাতে শ্যামলী এলাকা থেকে এ কে ট্রাভেলসের একটি বাসে যাত্রী বেশে একদল ডাকাত উঠেন। বাসে উঠেই ডাকাত দল প্রথমে বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতদের একজন গাড়িটি চালাতে থাকে। তারা বাড্ডা ও কুড়িলসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাস নিয়ে ঘুরে ঘুরে যাত্রী উঠায়। বাসে উঠার পর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছে থাকা টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। সকাল হলে খিলক্ষেত এলাকায় রাস্তার পাশে বাসটি থামিয়ে ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনায় ২০ ডিসেম্বর আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি থানা পুলিশের পাশাপাশি ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুর, মিরপুর, সাভার ও গাবতলীসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করে।