
নিউজ ডেস্কঃ জনদুর্ভোগের পর স্থগিত হলো সিলেট বিভাগে চলমান ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের এক সভায় ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির সভাপতি গোলাম হাদি ছয়ফুল জানান, শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোর ৬ টা পর্যন্ত ধর্মঘট পালনের কথা ছিল। কিন্তু বড়দিন ও শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে আসা মানুষের কথা বিবেচনায় নিয়ে ১২ ঘণ্টার আগেই ধর্মঘট স্থগিত করা হলো। সিলেটে সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে গত সোমবার (২১ ডিসেম্বর) জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ। বৈঠকে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে ৭২ ঘণ্টার টানা ধর্মঘট আহ্বান করা হয়। এছাড়া ৫ দফা দাবিতে গত সোমবার থেকে সিএনজি অটোরিকশার ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করে আসছিল। ফলে সিলেটের অভ্যন্তরে এবং দূর পাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় এ অঞ্চলের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সিলেটে এসে আটকা পড়েন বাইরে থেকে আসা লোকজনও।