News71.com
 Bangladesh
 24 Dec 20, 06:40 PM
 283           
 0
 24 Dec 20, 06:40 PM

টিআরপি নির্ধারণের কৌশল প্রণয়নে কমিটি আগামী সপ্তাহে।।

টিআরপি নির্ধারণের কৌশল প্রণয়নে কমিটি আগামী সপ্তাহে।।

নিউজ ডেস্কঃ টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) নির্ধারণে কৌশল প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এজন্য অংশীজনদের নিয়ে আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, টিআরপির ক্ষেত্রে বিরাট একটা অস্পষ্টতা আছে, কারা কখন টিআরপিতে ওপরে উঠে যায় বোঝা যায় না। অনেক সময় দেখা যায় একটা টেলিভিশন মানুষ দেখে না কিন্তু তারা টিআরপিতে অনেক উপরে, এরকম অনেক কিছু ঘটে। এজন্য টিআরপি কীভাবে নির্ধারিত হবে সেই কৌশল প্রণয়নের জন্য আগামী সপ্তাহে অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করে দেবো। সেই কমিটি নির্ধারণ করবে কীভাবে টিআরপি নির্ধারিত হবে। তিনি বলেন, টিআরপির ক্ষেত্রে নানা ধরনের অসঙ্গতি লক্ষ্য করা যায় এবং সেখানে কীভাবে টিআরপি নির্ধারণ হয় তা নিয়েও অনেকে অনেক প্রশ্ন উত্থাপন করেন। সুতরাং, এই প্রশ্নের নিরসন হওয়া প্রয়োজন। কোনো একটি প্রাইভেট সংস্থা রাষ্ট্রীয় অনুমতি ছাড়া টিআরপি দেওয়ার কোনো এখতিয়ার রাখে না। এটি নিয়ম-নীতির মধ্যে আসা প্রয়োজন। কীভাবে টিআরপি নির্ধারিত হবে তা সরকার এবং বেসরকারি অংশীজনরা মিলে সেই কৌশল নির্ধারণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন