News71.com
 Bangladesh
 24 Dec 20, 02:21 PM
 218           
 0
 24 Dec 20, 02:21 PM

অতিথি পাখির জলকেলিতে মুখর জাহাঙ্গীরনগর॥

অতিথি পাখির জলকেলিতে মুখর জাহাঙ্গীরনগর॥

নিউজ ডেস্কঃ হাজারও অতিথি পাখির কোলাহলে মুখর হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। এখানকার জলাশয়গুলোতে বলা যায় আপন সাম্রাজ্য গড়ে তুলেছে পাখিরা। লাল শাপলার ফাঁকে যেন বিহঙ্গের মেলা বসেছে। জলকেলি, ওড়াওড়ি ও খুঁনসুটিতে এখন দিন কাটছে অতিথিদের। পাখির কিচিরমিচির ও জলে ডানা ঝাপটানোর শব্দে মুখর থাকে পুরো ক্যাম্পাস। করোনাভাইরাস মহামারির কারণে এখন বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ। তাই পাখি দেখতে সীমিত পরিসরে আসছেন দর্শনার্থীরা।প্রতিবছরের চেয়ে এবার কিছুটা আগেই চলে এসেছে অতিথিরা। সুদূর সাইবেরিয়া, মঙ্গোলিয়া বা হিমালয়ের উত্তরাঞ্চলের তীব্র শীত ও ভারী তুষারপাতে টিকে থাকা দায়। তাই একটু উষ্ণতার খোঁজে পাখিরা সুদীর্ঘ পথ পেরিয়ে আসে বাংলাদেশে। সাধারণত মাঘ মাসের শেষ পর্যন্ত তাদের বিচরণ দেখা যায়।


জাবি’র প্রাণিবিদ্যা বিভাগ জানিয়েছে, ১৯৮৬ সাল থেকে এখানকার জলাশয়গুলোতে অতিথি পাখি আসছে। এখন পর্যন্ত দেশি-বিদেশি ২০৪ প্রজাতির বিহঙ্গের দেখা মিলেছে ক্যাম্পাসে। এর মধ্যে ১২৬টি দেশি ও ৭৮টি বিদেশি প্রজাতির। অন্যান্যবারের তুলনায় এবার পাখির সংখ্যা বেশি হবে বলে আশা করছেন পাখি বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। তিনি বলেন, ‘অন্যান্য বছর ডিসেম্বর নাগাদ পাখির কিচিরমিচিরে লেকগুলো পরিপূর্ণ হতে দেখেছি। এবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে নভেম্বরেই সেই চিত্র চোখে পড়ছে। আশা করছি, আগামী মাস নাগাদ পাখির সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়ে যাবে। এখন পর্যন্ত লেকগুলোতে পাঁচ হাজারের মতো পাখি অবস্থান করছে। ডিসেম্বরে তা ছয়-সাত হাজারে পৌঁছাতে পারে।’ এবার জাবি ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার, মনপুরা এলাকা, সুইমিংপুল এলাকা, বোটানিক্যাল গার্ডেনের পাশের লেক ও ট্রান্সপোর্ট চত্বরের লেকে বিপুলসংখ্যক পাখি চোখে পড়ছে। অতিথিদের মধ্যে বেশিরভাগ পাখিই হাঁস প্রজাতির। এর মধ্যে উল্লেখযোগ্য– সরালি, গার্গেনি, পিচার্ড, মানিকজোড়, মুরগ্যাধি, জলপিপি, নাকতা, কলাই, ফ্লাইপেচার, পাতারি, চিতা টুপি ও লাল গুরগুটি প্রভৃতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন