News71.com
 Bangladesh
 23 Dec 20, 11:29 PM
 179           
 0
 23 Dec 20, 11:29 PM

আদালতে দুই শিশুর কান্না॥ জামিন পেলেন মা

আদালতে দুই শিশুর কান্না॥ জামিন পেলেন মা

নিউজ ডেস্কঃ পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও জামাতা তোফায়েলের বিরুদ্ধে চুরি ও মারধরের অভিযোগে মামলা করেন মোমেনা বেগম নামে এক নারী। ১৮ ডিসেম্বর, শুক্রবার রাজধানীর বংশাল থানায় দায়ের করা ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়।ওয়াসফিয়া-তোফায়েল দম্পতির দুই সন্তান টুম্পা ও ইয়াছিন। বাবা-মা জেলে থাকায় তাদের ঠাঁই মেলে প্রতিবেশীর বাড়িতে। ২২ ডিসেম্বর, মঙ্গলবার বাবা-মায়ের জামিনের জন্য প্রতিবেশীর হাত ধরে বিচারক মো. মামুনুর রশিদের আদালতে এসেছিল তারা। কিন্তু জামিন মেলেনি তাদের বাবা-মায়ের। উল্টো শিশু দুটি আদালতে কান্নাকাটি করায় দায়িত্বরত পুলিশ সদস্যকে শোকজ করেন আদালত। ফলে বাবা-মাকে ছাড়াই কাঁদতে কাঁদতে আদালত ছাড়ে শিশু টুম্পা-ইয়াছিন। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশে বুধবার বিষয়টি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান আসাদ, শিশির মনির ও কুমার দেবুল দে। এরপর ২৩ ডিসেম্বর, বুধবার (আজ) শুনানি শেষে আদালত দুই শিশুর মাকে দ্রুত মুক্তির নির্দেশ দেন এবং একইসঙ্গে তাদের বাবাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। জামিনের আদেশটি দ্রুত ই-মেইল ও ফ্যাক্সে পাঠানোর নির্দেশ দেন হাইকোর্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন