
নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাত্রী পরিবহনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বুধবার (২৩ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনস্থ কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি, মো. শফিকুল আজম খাঁন এমপি, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশ নেন। বৈঠকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে পার্কিং লটে গাড়ি রাখার শর্ত থাকা সত্ত্বেও শর্তভঙ্গের কারণে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নাটোর রেলওয়ের অবৈধভাবে দখলকৃত জমি উদ্ধার করে উদ্ধারকৃত জমির যথাযথ ব্যবহার, বিভিন্ন প্রকল্পে প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে পূর্বের যোগ্যতা পরীক্ষা-নিরীক্ষা করে পদায়ন, মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্যদের অংশগ্রহণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।