
নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে গঠিত চারটি কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেন, এখন আমরা ১১১ দফা সুপারিশ ধীরে ধীরে বাস্তবায়নে যাবো। আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সভায় এই সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য যা যা করা প্রয়োজন সে জায়গায় আমরা যাবো। এখন আমাদের কাজ হলো যারা এই সুপারিশগুলো বাস্তবায়ন করবে তাদের সুপারিশ করবো তারা যেন বাস্তবায়নের কাজে এগিয়ে যান। পাশাপাশি সে কাজে কি কি অসুবিধা হতে পারে সেটা আগামী সভায় আলোচনা হবে।বুধবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক সংক্রান্ত টাস্কফোর্সের ২য় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তার সচিব মোস্তফা কামাল উদ্দিন, সুরক্ষা সেবা সচিব মোহাম্মদ শহিদুজ্জামান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন সভায় ভার্চ্যুয়ালি অংশ নেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ টাক্সফোর্সের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।