
নিউজ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সাত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল কবির সাত কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণ খেলাপির কারণে বাতিল করেন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- সৈয়দপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শাহিন হোসেন, নূরুল আমিন ও মোহাম্মদ লিটন, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আখতার হোসেন ফেকু, ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহিন আকতার, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম সরদার ও ১৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তারিক আজিজ। সৈয়দপুরে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয়জন, কাউন্সিলর পদে (সাধারণ আসনে) ৯৩ জন ও সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদে ১৫টি ওয়ার্ডে ২১ জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বাতিল করায় কাউন্সিলর পদে সাধারণ আসনে ৮৬ জন প্রার্থী নির্বাচনে মাঠে থাকলেন।