
নিউজ ডেস্কঃ মানবপাচারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদুল ইসলাম পাপুলসহ তার পরিবারের আটজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর পল্টন থানায় সিআইডির অর্গানাইজড ক্রাইমের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল আমিন হোসেন বাদী হয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মানি লন্ডারিংয়ের অভিযোগে এমপি পাপুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুল (৫৭), তার ব্যক্তিগত কর্মচারী মোহাম্মদ সাদিকুর রহমান মনির (৩৫), পাপুুলের শ্যালিকা জেসমিন প্রধান (২৩), পাপুলের মেয়ে ওয়াফা ইসলাম (২৬), পাপুলের ভাই কাজী বদরুল আলম লিটন, জব ব্যাংক ইন্টারন্যাশনালের ম্যানেজার গোলাম মোস্তফা (৫৬), জেসমিন প্রধানের মালিকানাধীন কোম্পানি জে. ডব্লিউ লীলাবালী, ও লিটনের মালিকানাধীর জব ব্যাংক ইন্টারন্যাশনালসহ অজ্ঞাতপরিচয় আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে।