
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে আটকে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ের অসমাপ্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আগামী ২ জানুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা গ্রহণ করা হবে। সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে শিক্ষা পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্পতম সময়ের মধ্যে এ পরীক্ষা সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।
ফিল্ডওয়ার্ক, ইন্টার্নশিপ, মৌখিক ও ইনকোর্স পরীক্ষা সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগীয় একাডেমিক কমিটি ও পরীক্ষা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে ২০২০ সালে যারা স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ বা অন্যান্য বর্ষে উত্তীর্ণ হয়েছে তাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা চলাকালে কোনো শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার পরীক্ষা তৎক্ষণাত বন্ধ রাখা হবে। পরে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়া হবে। তিনি আরো জানান, পরীক্ষা গ্রহণের সুবিধার্থে পূর্বনির্ধারিত ৩ থেকে ৭ জানুয়ারির শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। তবে আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।