News71.com
 Bangladesh
 21 Dec 20, 11:32 AM
 212           
 0
 21 Dec 20, 11:32 AM

বায়ুদূষণ নিয়ন্ত্রণে ৭ হাজার কোটি টাকার নতুন প্রকল্প॥  

বায়ুদূষণ নিয়ন্ত্রণে ৭ হাজার কোটি টাকার নতুন প্রকল্প॥   

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ সারা দেশে বায়ুদূষণ উর্ধ্বমুখী হওয়ায় উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। এই অবস্থায় দূষণ নিয়ন্ত্রণে নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে এই প্রকল্পের জন্য ৮০০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ছয় হাজার ৭৭৫ কোটি টাকা) বরাদ্দের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার গবেষণা তথ্যানুযায়ী, বায়ুদূষণের কারণে বাংলাদেশে বছরে এক লাখ ২২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হচ্ছে। এরমধ্যে শিশুমৃত্যুর হার সর্ব্বোচ।

বিশ্বজুড়ে মানুষের মৃত্যুর ক্ষেত্রে চতুর্থ প্রধান কারণ এখন বায়ুদূষণ। এতে শিশুদের অ্যাজমা বাড়ছে, অসুস্থ বাচ্চার জন্ম হচ্ছে। বায়ুদূষণে দেশে জিডিপির পাঁচ শতাংশ ক্ষতি হচ্ছে। রাজধানীসহ সারা দেশে শীত মৌসুমে বায়ুদূষণ থাকে উর্ধ্বমুখী। বিশেষ করে শীত মৌসুমের পাঁচ মাস ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জসহ প্রধান বড় শহরগুলোতে দূষিত বায়ু অব্যাহত থাকে। এই দূষণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সংসদ সচিবালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বায়ুদূষণ রোধে নতুন প্রকল্প গ্রহণের কথা সংসদীয় কমিটিকে জানানো হয়েছে। ইতোমধ্যে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি পাওয়া গেছে। সংসদীয় কমিটির সুপারিশ ও বিশ্বব্যাংকের পরামর্শ অনুযায়ী প্রকল্প প্রস্তাবের পরিকল্পনা, কার্যক্রমের তালিকা, প্রতিষ্ঠানিক অবকাঠামো, দূষণ নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ, জনবলবৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের জন্য কী কী করণীয় হবে, তা নির্ধারণ করে 'বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবল ট্রান্সফরমেশন (বেস্ট)' শীর্ষক একটি প্রকল্প পরিবেশ অধিদপ্তর প্রণয়ন করেছে বলেও জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন