
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট অ্যাপল ব্র্যান্ডের বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্য এখন থেকে কেনা যাবে ইভ্যালি ডট কম ডট বিডিতে। দেশীয় ই-কমার্সভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালিতে বাংলাদেশে অ্যাপলের অনুমোদিত পরিবেশক ‘এক্সিকিউটিভ মেশিনস’-এর ভার্চ্যুয়াল শপ থেকে ডিভাইসগুলো কেনা যাবে। শনিবার (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় ইভ্যালির পক্ষ থেকে। এতে বলা হয়, ইভ্যালি প্ল্যাটফর্মে অ্যাপল ব্র্যান্ডের নানা পণ্য যেমন- অ্যাপল মোবাইল, ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার, অ্যাপল ওয়াচ, আইপড বিক্রি করবে এক্সিকিউটিভ মেশিনস। আর নিজেদের গ্রাহকদের জন্য এসব পণ্যে আকর্ষণীয় অফার দেবে ইভ্যালি।
এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও এক্সিকিউটিভ মেশিনস-এর পরিচালক আব্দুল মতিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, অ্যাপলের পণ্যগুলো ‘প্রিমিয়াম’ ক্যাটাগরির পণ্য। কিন্তু ইভ্যালি সব সময়ই গ্রাহকদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এক্সিকিউটিভ মেশিনস-এর সঙ্গে আমাদের এ পথচলা শুরু। এরইমধ্যে আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইফোন ১২ মিনি ও আইফোন ১২ প্রো এ দুই মডেলের ওপর বিশেষ মূল্য ছাড়ে ক্যাম্পেইন চালু করেছি আমরা। আশা করছি এর ফলে গ্রাহকরা সাধ্যের মধ্যেই আইফোন কিনতে পারবেন।