
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মোকাবিলায় বাংলাদেশ যে উদাহরণ রেখেছে, তা দেখে বিশ্ববাসী প্রশংসা করেছে। আমাদের আরও বেশ কিছুদিন মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্বসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থাও করেছি, আশা করছি, আগামী জানুয়ারি মাসের কোনো এক সময় করোনার ভ্যাকসিন দেশে নিয়ে আসতে পারবো, যোগ করেন মন্ত্রী। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলায় কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরাও দেশকে এগিয়ে নিতে চাই, উনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। করোনার কারণে প্রতিটি দেশে অর্থনৈতিক বিপর্যয় ঘটলেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আমরা এখনো ৫% প্লাসে আছি, আমেরিকা ১৫% মাইনাসে আছে, ভারত ৭% মাইনাসে চলে গেছে, ইউরোপ বন্ধ হয়ে গেছে, তবে বাংলাদেশ এখনো চালু আছে।