
নিউজ ডেস্কঃ রাজশাহীর আম, আম আর রাজশাহী যেন একই সুতোয় গাঁথা। এর ইতিহাস ও ঐতিহ্য যেন একে অপরের পরিপূরক। একটির নাম নিলেই অন্যটির ছবি ভেসে ওঠে স্মৃতিপটে। বলা হয় একটি অপরটির পরিচিতি বহন করে। বাংলাদেশ তো বটে, বিশ্বজুড়েই যার সুখ্যাতি। তাই বছরজুড়েই চলে রাজশাহীর সুমিষ্ট আমের অপেক্ষা। রুদ্র বৈশাখ শেষে মধুমাস এলেই চারিদিকে শুরু হয় আম উৎসব। এবারও হবে। কিন্তু প্রবাহমান করোনা সঙ্কটের কারণে মন ভালো নেই আমচাষি ও ব্যবসায়ীদের। একে তো করোনা পরিস্থিতির কারণে অনেকটা অবহেলা অনাদরে বেড়ে উঠেছে আম, এরপরও যা ফলন হয়েছে তা দিয়ে রাজশাহীসহ গোটা দেশেরই চাহিদা পূরণ সম্ভব। কিন্তু বন্ধ পরিবহন, লকডাউন ও ঈদ ভাবাচ্ছে রাজশাহীর আমচাষি এবং ব্যবসায়ীদের। আম নিয়ে তাদের কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে। এরই মধ্যে আম ভাঙার জন্য সময় নির্ধারণ করে দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। সেইমতে আর মাত্র একদিন পরই (১৫ মে) রাজশাহীর বাগান থেকে ভাঙা হবে আম। প্রথমেই নামবে আগাম গুটি জাতের আম।তাই লকডাউন শিথিল না হলেই বিপদ। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশব্যাপী আম বাজারজাত করা কঠিন হয়ে পড়বে; বলছেন সংশ্লিষ্টরা। তাই আম নিয়ে এবার উদ্বেগ আর উৎকণ্ঠার শেষ নেই চাষি ও ব্যবসায়ীদের।