
নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারীর মধ্যে একের পর এক হাসপাতাল ঘুরেও কোনো সহায়তা না পেয়ে মারা যান খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার। চিকিৎসা না পাওয়ার এমন অভিযোগ করেন তার মেয়ে ডা. সুস্মিতা আইচ। তিনি বলেন, ‘বাবা কিডনির জটিলতায় ভুগছিলেন। কিন্তু কোনো হাসপাতালে তার উপযুক্ত চিকিৎসা মেলেনি।’ আক্ষেপ করে তিনি বলেন, ‘আমি ডাক্তার হয়েও কিছু করতে পারলাম না।’ অনেক হাসপাতাল ঘুরে বৃহস্পতিবার কোভিড-১৯ রোগীদের জন্য নির্দিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় গৌতম আইচ সরকারকে। সেখানে শনিবার মারা যান তিনি।
সুম্মিতা জানান, করোনার কোনো উপসর্গ না থাকলেও অন্য কোনো উপায় না পেয়ে অনেক কষ্টে বাবাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করাই। বাবার আইসিইউ সাপোর্টটা খুব দরকার ছিল, কিন্তু তা পাওয়া যায়নি। বাবার চিকিৎসাই হলো না, তিনি মারা গেলেন। আমি ডাক্তার হয়েও কিছু করতে পারলাম না।
ডা. সুম্মিতা অভিযোগ করেন, শ্বাসকষ্ট থাকায় তারা বাবাকে কোনো হাসপাতাল ভর্তি নেয়নি। হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে কোনো সহায়তা পাননি। শেষমেষ কোভিড-১৯ রোগীদের জন্য নির্দিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ বলেন, শনিবার দুপুরে কিডনিজনিত জটিলতায় মারা যান গৌতম আইচ সরকার।