News71.com
 Bangladesh
 09 May 20, 08:00 PM
 270           
 0
 09 May 20, 08:00 PM

করোনার উপসর্গ নিয়ে দুদকের প্রধান সহকারীর মৃত্যু॥

করোনার উপসর্গ নিয়ে দুদকের প্রধান সহকারীর মৃত্যু॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী খলিলুর রহমানের (৫৭) মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৮ মে রাত ৮টার দিকে করোনার উপসর্গ নিয়ে ঢামেকে ভর্তি হন খলিলুর রহমান। তখন তাকে অক্সিজেন দেয়া হয়। আজ শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খলিলুর রহমানের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। ঢাকার মুগদায় সপরিবারে থাকতেন। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

যদিও ঢামেকের ডেথ সার্টিফিকেটে খলিলুর রহমানের মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। তবে তার মরদেহ থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, গত ৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদকের পরিচালক জালাল সাইফুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন